প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৪:১৯ পিএম (ভিজিট : ৪৮)

রাজধানীতে অপরাধ বৃদ্ধির বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর দুই মাসের পর্যবেক্ষণে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শাহবাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
তিনি জানান, রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। এর ফলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কমেছে বলে জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং দায়িত্ব পালনের চাপ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সদস্যদের আত্মহত্যার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিগত কোনো কারণে কেউ মানসিক চাপে থাকলে তাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া রাজধানীর থানাগুলোতে কর্মকর্তা ও ফোর্স ব্যারাকের আধুনিকায়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান ডিএমপি কমিশনার।