প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:০৪ পিএম (ভিজিট : ৬১)

সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত কিছু গণমাধ্যম ভুল তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও বিভ্রান্তিকর কনটেন্টসহ অসত্য খবর পরিবেশন করছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
এ ধরনের কর্মকাণ্ড বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূলনীতির সম্পূর্ণ পরিপন্থী। ইতোমধ্যে অসত্য সংবাদ প্রকাশের জন্য কোনো কোনো গণমাধ্যম কর্তৃপক্ষ ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট গণমাধ্যমে সংশোধনী প্রকাশ করা হয়েছে।
যেকোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, পেশাদারী দায়িত্বশীলতা নিশ্চিতকরণ এবং ফ্যাক্ট চেক (Fact Check) করা গণমাধ্যমের জন্য একটি অবশ্য পালনীয় কর্তব্য।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনির্ভরযোগ্য উৎসকে সংবাদের সূত্র হিসেবে ব্যবহার করার কারণে অনেক গণমাধ্যম বিভ্রান্তির শিকার হচ্ছে। ফলে অপতথ্য ও বিকৃত কনটেন্ট মূলধারার গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এ কারণেই যেকোনো সংবাদ প্রচারের আগে ফ্যাক্ট চেক করা বৈধ গণমাধ্যমের জন্য অপরিহার্য ও অবশ্য পালনীয় বলে তথ্য অধিদফতর মনে করে।
এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট গণমাধ্যমকে প্রচলিত বিধি-বিধানের আওতায় আনতে সরকার বাধ্য। তাই বেনামী, ভুয়া কিংবা অনিবন্ধিত কোনো মাধ্যমকে সংবাদের উৎস হিসেবে ব্যবহারের ক্ষেত্রে সকল বৈধ গণমাধ্যমকে তথ্য অধিদফতর সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে।
দেশের সকল গণমাধ্যমকে (সংবাদপত্র, টেলিভিশন, বেতার, অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ, আইপি টিভি) তাদের স্বাক্ষরিত ডিক্লারেশন ও নিবন্ধনের নীতিমালা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।