প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:৪১ পিএম (ভিজিট : ৩৬)

বান্দরবানের আলীকদমে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এক পেশাদার সাংবাদিকের ওপর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করার গুরুতর অভিযোগ উঠেছে।
গত ৫ জুলাই ২০২৬ তারিখ রাতে আলীকদম ইউনিয়নের ছাবের মিয়া পাড়া এলাকায় এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক মো: মোস্তাঈন বিল্লাহ (২৯) দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’ পত্রিকার বান্দরবান জেলা স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। এই ঘটনায় তিনি আলীকদম থানায় ৪ জনকে সুনির্দিষ্ট ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই আলীকদম থানা এলাকায় আসামিদের অবৈধভাবে মাটি কাটার একটি সচিত্র মাল্টিমিডিয়া নিউজ প্রকাশ করেন সাংবাদিক মোস্তাঈন বিল্লাহ। সংবাদটি প্রকাশের পর আলীকদম উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্তদের ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন।
এই জরিমানার পর থেকেই ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মো: হোসেন (৫০), মো: নাছির উদ্দিন (২৮), মো: জামাল (২৬), এবং মো: আরমান (২৯)-সহ তাদের সহযোগীরা বিভিন্ন লোক মারফত সাংবাদিক মোস্তাঈনকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
সর্বশেষ গত ৫ জুলাই রাত আনুমানিক ৭:৩০ থেকে ৮:০০ টার মধ্যে, আলীকদম প্রেস ক্লাবের কাজ শেষ করে মোস্তাঈন বিল্লাহ তাঁর শ্বশুরবাড়ির পাশে নিজের ব্যবহৃত ডিসকভার ১২৫ সিসি (রেজিঃ নং-বান্দরবান-হ-১১-১৭১৪) মোটরসাইকেলটি রেখে ভেতরে যান। কিছুক্ষণ পর এসে দেখেন তাঁর গাড়িটি আর সেখানে নেই।
ভুক্তভোগী সাংবাদিকের ধারণা, সংবাদ প্রকাশের জেরে তাঁকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আসামিরা এই চুরির ঘটনা ঘটিয়েছে।
সাংবাদিক সমাজের ক্ষোভ ও প্রতিবাদ:
স্বাধীন সাংবাদিকতার ওপর এমন নগ্ন হস্তক্ষেপে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিককে যদি এভাবে হুমকি ও চুরির শিকার হতে হয়, তবে গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে পড়বে বলে মনে করছেন স্থানীয় সংবাদকর্মীরা। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারের জন্য আলীকদম থানা পুলিশের প্রতি জোর দাবি জানানো হয়েছে।