প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৫:৩৬ পিএম (ভিজিট : ৭৫)

প্রধানমন্ত্রী হওয়ার পর নিজের প্রথম বিদেশ সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছয় দিনের এই সফরে তাঁর প্রথম গন্তব্য মালয়েশিয়া এবং সেখান থেকে তিনি চীন যাবেন। সফরসঙ্গী হিসেবে তাঁর সাথে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া সরকারের আটজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সাথে গেছেন।
রোববার দুপুর পৌনে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়া মন্ত্রী ও উপদেষ্টাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়কমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এছাড়াও রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রাশেদ আল মাহমুদ তিতুমির এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহদী আমিনও এই সফরে সাথে গেছেন।
একই সাথে সফরসঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলে আরও রয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
তারেক রহমান মালয়েশিয়া পৌঁছানোর পর কুয়ালালামপুর থেকে রওনা হয়ে চীনের বন্দরনগর দালিয়ানে যাবেন। ২৩ থেকে ২৬ জুন তিনি চীন সফর করবেন।
এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বর্ণাঢ্য সাজে সেজেছে কুয়ালালামপুর। সেখানকার রাজপথে দুই দেশের জাতীয় পতাকা শোভা পাচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই দ্বিপক্ষীয় সফরে তাঁর সঙ্গে একান্ত বৈঠক করবেন তারেক রহমান। সফরে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু, অনিয়মিত কর্মীদের বৈধকরণ, বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।