প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:১১ পিএম (ভিজিট : ৭২)

চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ,পুশইন, চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
চুয়াডাঙ্গা বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি ব্যাটালিয়ন)-এর বর্তমান অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, বর্তমান পরিস্থিতিতে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর সীমান্ত এলাকায় ৬ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো অবস্থাতেই অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন সংঘটিত না হয়, সে লক্ষ্যে সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং টহল ও জনবল বৃদ্ধি করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি সার্বক্ষণিক নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সদস্যরা দিন-রাত পালাক্রমে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করছেন। সন্দেহভাজন চলাচল পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তথ্য সংগ্রহের কাজও চলছে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা বেড়েছে। দিন-রাত টহলের পাশাপাশি বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি কর্মকর্তারা বলেছেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুশইন বা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।