বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২ মাঘ ১৪৩২

শিরোনাম: বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার   চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে সব টাকা বের করে আনা হবে: জামায়াত আমির   বাংলাদেশের ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ তারেক রহমান   আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন   পল্লবীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার   সেনাপ্রধানের ঢাকা মহানগরের ক্যাম্প পরিদর্শন, নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ   ৫ বছর পর পর্দায় ফিরছেন রিয়া চক্রবর্তী   
দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন
বাংলাদেশের ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ তারেক রহমান
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৭ পিএম

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে করা এক বিশ্লেষণে তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সাময়িকী দ্য ডিপ্লোম্যাট। 

‘অ্যান ইন্টারভিউ উইথ তারেক রহমান—লাইকলি নেক্সট প্রাইম মিনিস্টার’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দক্ষিণ এশীয় দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন।

ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এরআগে ব্লুমবার্গ, টাইম ও দ্য ইকোনমিস্ট-এর মতো আন্তর্জাতিক গণমাধ্যম নির্বাচনে তারেক রহমানকে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে উল্লেখ করেছিল।

দ্য ডিপ্লোম্যাট প্রতিবেদনে নির্বাচনের আগে পরিচালিত একাধিক জনমত জরিপের কথা উল্লেখ করেছে। যেখানে তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর মাসে পরিচালিত একটি জনমত জরিপে দেখা গেছে, বিএনপির প্রতি সমর্থন প্রায় ৭০ শতাংশ, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সমর্থন ১৯ শতাংশ।

বেসরকারি সংস্থা ইনোভিশন কনসাল্টিং পরিচালিত আরেকটি জরিপে দেখা যায়, ৪৭ শতাংশের বেশি মানুষ এখন তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। আর ২২.৫ শতাংশ মানুষ জামায়াতের আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মনে করছেন।

দ্য ডিপ্লোম্যাট বলছে, জেনজি বা তরুণ ভোটাররাই এবারের নির্বাচনে বড় সিদ্ধান্তকারী শক্তি হতে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, এই নির্বাচনে ভোটারদের একটি বড় অংশ জেনজি প্রজন্মের। অর্থাৎ বাংলাদেশের তরুণরাই পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণ করবে। অনেক ভোটার বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বিশেষ করে যেগুলো দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে।

সম্প্রতি সিরাজগঞ্জে একটি নির্বাচনি সমাবেশে অংশ নেওয়ার পর তারেক রহমান একটি বাসে করে কেন্দ্রীয় টাঙ্গাইলের দিকে যাওয়ার সময় দ্য ডিপ্লোম্যাটকে সাক্ষাৎকার দেন। এ সময় তিনি অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিসহ নানা বিষয়ে প্রশ্নের উত্তর দেন।

জেনজি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিএনপি এই প্রজন্মের চিন্তাধারার সঙ্গে যুক্ত হচ্ছে। তিনি বলেন, আমরা কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি শিক্ষা, খেলাধুলা, আইটি খাত এবং চাকরির বাজারকে অগ্রাধিকার দিচ্ছি—যা আমি বিশ্বাস করি জেনজির সঙ্গে গভীরভাবে সংযুক্ত। আজকের পরিবেশ দেখলেই বোঝা যায়, সমাবেশে উপস্থিতদের বেশিরভাগই জেনজি।

তিনি আরও বলেন, ‘দ্য প্ল্যান’ নামে একটি কর্মসূচির মাধ্যমে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও পটভূমির শিক্ষার্থীদের কথা শোনেন, যেখানে তারা নিজেদের ভাবনা, উদ্বেগ ও আইডিয়া তুলে ধরে। তারেক রহমান বলেন, আমি সত্যিই তাদের সঙ্গে সংযুক্ত হতে উপভোগ করি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের সময় পররাষ্ট্রনীতি ছিল ভারতকেন্দ্রিক। যখন যুক্তরাষ্ট্র, চীন ও ভারত—তিন দেশই বাংলাদেশের দিকে নজর রাখছিল।

এ বিষয়ে দ্য ডিপ্লোম্যাট তারেক রহমানের পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের জাতীয় স্বার্থই সবার আগে। আমাদের পররাষ্ট্রনীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি। আমরা এমন একটি অর্থনীতিভিত্তিক পররাষ্ট্রনীতি অনুসরণ করব, যা বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে। আমরা পারস্পরিক আস্থা, পারস্পরিক সম্মান ও পারস্পরিক লাভে বিশ্বাস করি।

তিনি জোর দিয়ে বলেন, আমরা যেসব দেশের সঙ্গেই সম্পর্ক রাখি না কেন, জাতীয় স্বার্থই সর্বাগ্রে থাকবে।

ভোট প্রসঙ্গে দ্য ডিপ্লোম্যাট তারেক রহমানকে জানায়, জেনজিদের একটি অংশ বিশেষ করে ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-এর প্রতি ঝুঁকছে। যারা সংসদে ও রাজপথে বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে পারে।

এ বিষয়ে তারেক রহমান বলেন, আমি কোনো চ্যালেঞ্জ অনুভব করছি না। আমরা একটি রাজনৈতিক দল। আমরা আমাদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি নিয়ে জনগণের কাছে যাচ্ছি, অন্যরাও তাই করছে। জনগণই সিদ্ধান্ত নেবে কোন পরিকল্পনা তাদের জন্য ভালো।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিএনপি এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে মানুষের দৈনন্দিন নিরাপত্তা বিঘ্নিত হবে না এবং মানুষ যেন রাতে ভয় ছাড়াই বাড়ি ফিরতে পারে, একই সঙ্গে অর্থনীতিও সঠিকভাবে চলতে পারে।

নির্বাচনি প্রতিশ্রুতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, আমরা আমাদের ৩১ দফা বাস্তবায়নে কাজ করব। বিশেষ করে পরিবার কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও শিক্ষা—এই সাতটি মূল অগ্রাধিকার বিষয়ে বিশেষ জোর দেব।

তারেক রহমান বলেছেন, আমরা জনগণের স্বার্থ ও আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনব। জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করব—এটাই দেশের মানুষের প্রতি আমার অঙ্গীকার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com