প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৩ পিএম

অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই উপদেষ্টা পরিষদের সদস্যরা কূটনৈতিক (লাল) পাসপোর্ট সমর্পণ করতে শুরু করেছেন। এরই মধ্যে উপদেষ্টা পরিষদের অন্তত আটজন সদস্য কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন।
স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তরের পর বিদেশ ভ্রমণে সম্ভাব্য আইনি ও দাপ্তরিক জটিলতা এড়াতে সতর্কতামূলকভাবে এই পদক্ষেপ নিয়েছেন উপদেষ্টারা।
কর্মকর্তারা জানান, গত ২০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে তারা কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে রয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন গত ২৯ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার বিষয়টি প্রকাশ্যে জানান। সেদিন রাজধানীর বাসাবোতে ধর্মরাজিকা বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য তারা প্রস্তুত এবং অনেক উপদেষ্টা ইতোমধ্যে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যৌথভাবে ওই সভার আয়োজন করে।
এদিকে, গত রোববার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনও কয়েকজন উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট সমর্পণের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, যেসব উপদেষ্টার বিদেশ ভ্রমণের পরিকল্পনা রয়েছে, তারা আগেভাগেই পাসপোর্ট জমা দিয়েছেন, যাতে ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া সহজ হয়।
তবে নিজের ও তার স্ত্রীর কূটনৈতিক পাসপোর্ট প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘আমি এবং আমার স্ত্রী কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করিনি। মেয়াদ থাকা অবস্থায় পররাষ্ট্র উপদেষ্টার পাসপোর্ট জমা দেওয়া অস্বাভাবিক। তবে কয়েকজন উপদেষ্টা ভ্রমণের প্রয়োজনের কারণে আগেভাগেই তা জমা দিয়েছেন।’