প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৫ পিএম

বাংলাদেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নয়। আমরা সবাই সমান অধিকারসম্পন্ন বাংলাদেশি নাগরিক। সংখ্যালঘু শব্দটি ব্যবহার করে কোনো সম্প্রদায়কে আলাদা করে দেখানো বা অপদস্থ করা ঠিক নয়। এ দেশের প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সমান এবং কেউ কারো ভোটব্যাংক নয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথিড্রালে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ইসলাম ধর্মে স্পষ্টভাবে বলা আছে, যার যার ধর্ম তার তার কাছে। সেই শিক্ষার ভিত্তিতেই বাংলাদেশে সবাই মিলেমিশে বসবাস করছে। মাঝেমধ্যে কিছু কুচক্রী মহল বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলেও তা সম্মিলিতভাবে প্রতিহত করা হয়। এ সময় তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের শান্তিপূর্ণ ও সাবলীল জীবনযাপনের প্রশংসা করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাদের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, ‘নির্বাচনের সময় খুবই সীমিত। মাত্র ২১ দিনের মধ্যে এই বিশাল এলাকায় প্রচারণা চালাতে হচ্ছে, যা আমার জন্য একদমই নতুন এক অভিজ্ঞতা।’
ধানের শীষের এই প্রার্থী বলেন, ভোটের সংখ্যা কম মনে করে কেউ যেন নিজেকে অবহেলিত মনে না করেন। একটি ভোটও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অন্যদের উৎসাহিত করতে পারে।
এ সময় তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব সম্প্রদায়ের মানুষের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।