প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৩:১০ পিএম (ভিজিট : ৫০)

দিনাজপুরের ফুলবাড়ীর কৃতি সন্তান অধ্যাপক ড. মো.নওশের ওয়ান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক।
বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর)ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন,২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড.মো.নওশের ওয়ান যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসরের নির্ধারিত সময় পর্যন্ত,যেটি আগে হবে,উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী উপ-উপাচার্যের ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করবেন এবং বিধি অনুযায়ী নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।জনস্বার্থে প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ড.মো.নওশের ওয়ান দীর্ঘদিন ধরে হাবিপ্রবির শিক্ষা,গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। একজন দক্ষ শিক্ষক ও অভিজ্ঞ শিক্ষাবিদ হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ে সুনাম অর্জন করেছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা,তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
উল্লেখ্য,এর পূর্বে হাবিপ্রবি'র উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. মো.শফিকুল ইসলাম সিকদার।তিনি ২০২৪ সালের ৪ নভেম্বর এ পদে নিয়োগ পান এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক ড.মো.নওশের ওয়ানের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপি'র রামভদ্রপুর গ্রামে।তাঁর উপ-উপাচার্য হিসেবে নিয়োগের খবর আজ মঙ্গলবার এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী,শিক্ষার্থী, সংবাদকর্মী,সুশীল সমাজ এবং সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়।অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ফুলবাড়ীর জন্য এ নিয়োগকে গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।