প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২:৪৬ পিএম (ভিজিট : ৭৫)

বিশ্বকাপের মঞ্চে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন এই ফরাসি ফরোয়ার্ড।
ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ২০টি ম্যাচ খেলার অনন্য রেকর্ড গড়েছেন তিনি। ফুটবলভিত্তিক পরিসংখ্যানের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘অপটাজো’ এই তথ্য নিশ্চিত করেছে।
মাত্র ২৭ বছর ২০১ দিন বয়সে এই মাইলফলক ছুঁয়ে এমবাপ্পে ভেঙে দিয়েছেন পোল্যান্ডের সাবেক খেলোয়াড় ভ্লাদিস্লাভ আন্তোনি জমুদা রেকর্ড। জমুদা ২৮ বছর ৩৪ দিন বয়সে বিশ্বকাপে নিজের ২০তম ম্যাচটি খেলেছিলেন।
২০১৮ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও সেরা উদীয়মান খেলোয়াড় হওয়া এমবাপ্পে এরপর ২০২২ এবং চলমান ২০২৬ বিশ্বকাপেও ফ্রান্সের আক্রমণভাগের মূল কাণ্ডারি হিসেবে খেলছেন।
এই রেকর্ডের পাশাপাশি ফ্রান্সের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তিতে সাবেক গোলরক্ষক হুগো লরিসকেও স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
মরক্কোকে হারিয়ে ফ্রান্স যদি সেমিফাইনালে পা রাখে, তবে লরিসকে ছাড়িয়ে এককভাবে ফ্রান্সের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি নিজের করে নেবেন এমবাপ্পে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ বিশ্বকাপে ৭টি, ২০২২ বিশ্বকাপে ৭টি এবং ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন এমবাপ্পে। চলতি আসরে ফ্রান্সের যাত্রা দীর্ঘ হলে তার ম্যাচ সংখ্যা ৮-এ পৌঁছানোর সুযোগ রয়েছে। শুধু ম্যাচ খেলাই নয়, গোল করার ক্ষেত্রেও এবার অতিমানবীয় ফর্মে আছেন তিনি।
চলমান বিশ্বকাপে ইতিমধ্যেই ৭টি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন এমবাপ্পে, যেখানে ৮ গোল নিয়ে সবার ওপরে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি।
সব মিলিয়ে তিন বিশ্বকাপ মিলিয়ে এমবাপ্পের মোট গোল সংখ্যা এখন ১৯। এর মাধ্যমে তিনি জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে টপকে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনটি নিজের করে নিয়েছেন। এই তালিকাতেও তার সামনে আছেন কেবল লিওনেল মেসি। মেসির চেয়ে এখন মাত্র ২টি গোল পিছিয়ে আছেন ফরাসি এই গোলমেশিন।