প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ২:৫১ পিএম (ভিজিট : ২০৮)

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জহিরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইরশাদ জাহান,অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রাশিদ,সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক নাঈম তালুকদার।
অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, ডিজিটাল পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনা এবং জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়।
জেলা প্রশাসন, পিরোজপুর ও উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।