মো. আসাদুজ্জামান

মাধবী-২৪৬
মাধবী,
কেমন আছো? কি করো? কি নিয়ে এতো ব্যস্ত? আমাকে তো ইদানিং পাত্তাই দাও না, তুমি তো ইদানিং নির্জন কোন দ্বীপের নির্জনতার মহারাণী হয়ে উঠেছো দেখছি, সব বুঝ, সব দেখো, শুধু আমাকে বুঝো না, আমাকে দেখো না! কবি ঠিকই বলেছেন, তুমি সব বুঝো মানি, যেটুকু বুঝো না-সেটুকুই আমি! অনেকদিন হয়, তোমাকে লিখিনা। তাই বলে ভেবো না ভুলে গেছি। ভুলি নাই প্রিয়, ভুলি নাই! সব স্বপ্নের সাথে, সব ঝন্ঝা বিক্ষুব্ধ সময়ে, সব রোদ বৃষ্টি ঝড়ের দিনেই তুমি থাকো। আজ তোমার শূণ্যতাই ভুগছি, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ’র মতো করে তোমাকে বলতে ইচ্ছে করছে, ‘আমি তোমাকে কবিতায় লিখিনা, গানেও লিখিনা, ক্যানো না আমার গান, আমার সকল কবিতা তোমার জন্যই লেখা।’ জানো মাধবী, শরৎচন্দ্র চট্রপাধ্যয়ের ‘শ্রীকান্ত’ উপন্যাসের নায়ক শ্রীকান্ত ওই উপন্যাসে তাঁর প্রেয়সী রাজলক্ষীকে উদ্দেশ্য করে লিখেছিল, ‘আমি যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি, না পাই তার কাছে থাকার অধিকার, না মেলে দূরে যাওয়ার অনুমতি।’ আমার যাপিত জীবন দেখে তোমার কি মনে হয় না যে, তোমার উপেক্ষার অবহেলায় আমি দিনে দিনে কলি যুগের শ্রীকান্ত হয়ে উঠেছি, আর তুমি রাজলক্ষী। আমার যাপিত জীবনে এখন রুদ্র-শরৎ-র মতো ভালোবাসার ক্ষরা চলছে, ভালোবাসার মঙ্গা আমার নিত্য সঙ্গী! প্রতিদিন তোমার শূন্যতায় ভিতরে দহন হয়, মাঝেমাঝে রক্তক্ষরণ, কঙ্গো নদীর মতো গভীর সেই রক্তের স্রোত। মাঝেমাঝে সময় করে তোমার জন্য অশ্রু ঝরাই। রুদ্র গোস্বামী যথার্থই বলেছেন, সুখে কেউ কাঁদে না, বড়জোর চোখে দু’কুচি জল ফোটে, কান্না তো তখনই বেরোয়, দীর্ঘশ্বাস গুলোও যখন হাঁপিয়ে ওঠে!
মাধবী,
হৃদয়ে ঢেউ ওঠা ছাড়া প্রেম হয় না, দু’চোখে জলোচ্ছ্বাস ছাড়া প্রেমের মৃত্যু হয় না। যারা ভালোবাসে তাঁদের কাছে ভালোবাসা স্বপ্নের মতো, বহু বিনিদ্র রাত কাটে সেই স্বপ্নকে রঙ তুলির আঁচড়ে সাজাতে! মাঝে মাঝে আঘাত আসে, তখন উভয়েরই মৌন থাকা প্রয়োজন হয়, কেউ কারও কাছে দুঃখের গল্প বলা থেকে বিরত থাকতে হয়, যদিও সেই মৌনতা হাজার পাহাড়ের ওজনসম ভার, বইতে কষ্ট হয়, হোক না। ওই কষ্টের মাঝেও প্রেম আছে, ঠিক যেমন মাইরের মধ্যও ভিটামিন থাকে, তেমন। এক্ষেত্রে রুদ্র গোস্বামী যথার্থই বলেছেন, তাঁর কথা অনেকটা প্রাসঙ্গিক, সে হৃদয় দিয়ে অনুভব করেই লিখেছেন, ভালোবেসে সুখ শুধু বোকারাই চায়, কে না জানে প্রিয়জনই সব থেকে বেশি ব্যথা দেয়…।
মাধবী,
মাঝে মাঝে মনে হয় তোমার কাছ থেকে মুক্তি নেই, একা একা ঘুরি, পথে প্রান্তরে হাঁটি, আকাশ দেখি, জল বায়ু হাওয়া আর বিষুবরেখাদের কাছে ফিরি! আমি যে আকাশ দেখতে চাই, আমি চাই তুমিই আমার সেই আকাশ হও, তুমিই আমার সেই চোখের তারায় রঙধনু হয়ে আলো ছড়াও। আমি যে শহর ধরে হেঁটে যাবো সেই শহরেই তুমি থাকো, আমি চাই সেই শহরের সকল অলিন্দের উপর রুদ্র গোস্বামীর কবিতা দিয়ে বিজ্ঞাপন দেই, যে বিজ্ঞাপনে লেখা থাকবে, যে শহরে আমার প্রেমিকা থাকে, সে শহরে গোলাপে গোলাপে হোক কারফিউ জারি । আমার চে’ বড়ো, সে শহরে কোনো প্রেমিক না থাকুক।
মাধবী,
আজ আমার মস্তিস্কের নিউরনে ডোপামিন হরমোনের চাপ বেড়েছে, আজ রুদ্র গোস্বামী চেপে বসেছে, আজ আমি তোমাতে প্রণত, আজ এই গোধূলি বেলায়
রুদ্র গোস্বামীর মতো খুব করে বলতে ইচ্ছে করছে, ‘চল হাত ছেড়ে শূন্যতা ধরে হাঁটি। – তারপর? তারপর ঠিক করে নেবে, আজীবন শূন্যতা, না আমি।’
(লেখাটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এর ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া)