প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৬:২২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্টার কার্যালয়ে জমির দলিল সম্পাদনসহ বিভিন্ন কাজে অনিয়মের প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী ও উপজেলা সাব-রেজিস্টার মোস্তাফিজুর রহমানের কাছে স্মারকলিপি দেন তারা।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা জানায়, জমি রেজিস্ট্রেশনসহ জমির অন্যান্য কাজ সম্পন্ন করতে কি কি কাগজ ও ফরম লাগবে তা সাব-রেজিস্টার কার্যালয়ে সংরক্ষিত থাকতে হবে। কারণ প্রয়োজনীয় কাগজ বা নির্ধারিত ফরম সংগ্রহ করে জনগণ যাতে জমি রেজিস্ট্রেশন ও জমির অন্যান্য কাজ শেষ করে সাব-রেজিস্টার অফিসে জমা দিতে পারেন। এছাড়া প্রতিটি কাগজ ও ফরমের মূল্য তালিকা সাব-রেজিস্টার কার্যালয়ে টানানো থাকে, সেই ব্যবস্থা করতে হবে।
বহিরাগত মোহরাল ও অন্য কেউ সাব-রেজিস্টার অফিসে কোন কাজ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন তারা।
তারা আরো বলেন, জমি রেজিস্ট্রেশন ও জমির অন্যান্য কাজ সংক্রান্ত বিষয়গুলো সাব-রেজিস্টার ও উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা সকল কাজ করবেন। জনগণ যাতে কোনো অনিয়ম ও হয়রানি ছাড়াই নির্বিঘ্নৈ জমি রেজিস্ট্রেশন ও জমি সংক্রান্ত অন্যান্য কাজ সম্পন্ন করতে পারে, সেজন্য উপজেলা নির্বাহী অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এর ব্যত্যয় ঘটলে ওই দুই অফিস দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিবগঞ্জ উপজেলার আহবায়ক আবদুর রহিম, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস ও সদস্য সচিব সাব্বির আহমেদসহ অন্যরা।