প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৮:৫৫ এএম (ভিজিট : ৪১)

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার (৩ জুন) এক বার্তায় রাষ্ট্রপ্রধান এ গৌরবময় অর্জনের জন্য বর্তমান গণতান্ত্রিক সরকার, দেশের কূটনীতিক, বিজয়ী প্রার্থী ড. খলিলুর রহমান এবং সর্বোপরি দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, এ সাফল্য বাংলাদেশের কূটনৈতিক দক্ষতা, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের স্বীকৃতি।
জাতিসংঘের যেসব সদস্য রাষ্ট্র বাংলাদেশের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন প্রদর্শন করেছে, তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
মো. সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, ড. খলিলুর রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন বিশ্ব শান্তি, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিকতাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাষ্ট্রপতি বলেন, এ অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা, গ্রহণযোগ্যতা ও প্রভাবকে আরও সুদৃঢ় করবে এবং দেশের জন্য নতুন নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে।