প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৭:২১ পিএম

সিন্ডিকেট তৈরি করে অনৈতিক আর্থিক চুক্তিতে সমিতির নিবন্ধন, নিয়োগ বাণিজ্য, নিয়ম বহির্ভূতভাবে পদ সৃষ্টি এবং ঘুষের বিনিময়ে পদোন্নতিসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সমবায় অধিদপ্তরের কতিপয় অসাধু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের পক্ষ থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জাল সনদ ও অনিয়ম সংক্রান্ত বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। এছাড়া সমিতির নিবন্ধন এবং পদোন্নতি ও জনবলের তালিকা সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করেছে অভিযানিক টিম। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে সাংবাদিকদের জানায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এছাড়া পিরোজপুরে ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে নানাবিধ অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘পিরোজপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়’ থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে দুধ কর্মকর্তারা ছদ্মবেশে রোগী সেজে হাসপাতালের বিভিন্ন অনিয়মের তথ্য সংগ্রহ করে এবং সেবাগ্রহিতাদের সাথে কথা বলে। অভিযানকালে ওই হাসপাতালে আগত সেবাপ্রার্থীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় দুই জন দালালকে হাতেনাতে আটক করা হয় এবং তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়।
হাসপাতালের রান্নাঘর পরিদর্শনকালে অনুমোদিত ডায়েট চার্ট অনুযায়ী রোগীদের মানসম্মত ও পরিমাণ অনুযায়ী খাবার সরবরাহে অনিয়ম এবং প্রতিদিনের খাবারে নির্ধারিত পরিমাণের চেয়ে কম পরিমাণ খাবার সরবরাহের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানায় দুদক। এছাড়া ওই হাসপাতালের MSR কেনাকাটায় আনুমানিক ১,৭৬,০০,০০০ টাকার তথ্যের অসঙ্গতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
দুদক আরো জানায়, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে বিল অনুমোদন ও বিভিন্ন বরাদ্দ প্রদানে ঘুস গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম উপজেলা শিক্ষা অফিসারকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। এনফোর্সমেন্ট টিম ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে সরকারি বরাদ্দকৃত বিভিন্ন খাতের তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করে। অভিযানকালে সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।